বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীদের হামলার শিকার
পিরোজপুর আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, পিপি ও জিপি সহ আওয়ামীলীগের ৫ নেতা গ্রেফতার

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ১৫০ বার পঠিত

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের উপর হামলা করে বিএনপি’র বিক্ষুব্ধ কিছু নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে রোববার (২ মার্চ) দুপুরে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি অ্যাডভোকেট এম মতিউর রহমান, সাবেক পিপি অ্যাডভোকেট খান মোঃ আলাউদ্দিন, সাবেক জিপি অ্যাডভোকেট শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এদের মধ্যে খান মো. আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী। গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল গ্রেফতারকৃতরা। পরবর্তীতে রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায়, আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে।
তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে, আদালত প্রাঙ্গনে ভিড় করতে থাকে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেফতারের দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল। এ সময় তারা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপি’র নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। পুলিশ দ্রæত তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, আওয়ামীলীগের ৫ জন নেতাকে আটক করা হয়েছে এর মধ্যে খান মো. আলাউদ্দীন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী এবং অন্য ৪ জনকে একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।




















