মোঃ আল-আমিন
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান।
স্থানীয়দের অভিযোগ, জৈনা বাজার এলাকায় মহাসড়কের ওপর ও সড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি শ্রেণির ব্যবসায়ী অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে মহাসড়কের স্বাভাবিক যান চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে এসব অবৈধ স্থাপনার কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।
অভিযানকালে মহাসড়কের ওপর এবং সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যান চলাচলে বাধা সৃষ্টি করে এমন স্থাপনাও উচ্ছেদ করা হয়।
মাওনা হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, যানজট নিরসন এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মহাসড়কের ওপর বা সড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















