মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ :
‘ক্রীড়া হলো পেশা,পরিবার পাবে ভরসা,স্বপ্নের পথে বিজয়ের সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, সারা দেশে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীরকে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা এক ধরনের মেডিটেশন, যা শিশুদের সুস্থ মন ও সুন্দর মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
তিনি আরও বলেন, সন্তানদের যেমন প্রতিদিন খাবার দেওয়া হয়, তেমনি তাদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এবং পুলিশ লাইন্স আরআই সিরাজগঞ্জের মো. ফজলুল হক, বিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার সূত্রধর, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, চারুকারু বিষয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবুল ইসলাম, কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ১০ম শ্রেণিকে ১-০ গোলে পরাজিত করে ৮ম শ্রেণি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পবিত্র কুমার সরকার। ধারাভাষ্য দেন খালিদ বিন ওয়ালিদ। টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পবিত্র কুমার সরকার, মো. নজরুল ইসলাম ও মো. একরামুল হাসান।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

























