
মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিয়া ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া ইসলাম সদর উপজেলার হাটিকুমরুল গ্রামের বাবুল আকতারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ সিএনজিটির অ্যাক্সেল ভেঙে যায়। এতে অটোরিকশাটি ডান দিকে কাত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















