ইউএনও’র হস্তক্ষেপে অবৈধভাবে নেয়া টাকা ফেরত দিলেন চেয়ারম্যান

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ৪৯ বার পঠিত

কাউখালীতে হতদরিদ্রদের চাল বিতরণের অর্থ আদায়ের টাকা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ফেরত পেল সুবিধাভোগীরা। এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসন বিষয়টি নজরে নেয়।
জানাগেছে, উপজেলার ৫নং র্শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য (ভিজিডি) কার্ডের বিপরীতে প্রতিমাসে ৩০ কেজি করে বিনামূল্যে সরকারিভাবে চাল বিতরণ করা হয়। গত ২৫ মে সোমবার ৫ মাসের ডিউ থাকা ১৫০ কেজি চাল বিতরণ করেন। এসময় নৌকা প্রতীক নিয়ে বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দীকুর রহমান তার লোকজন দিয়ে প্রত্যেক সুবিধাভোগীর কাছে থেকে ৩০০ টাকা করে অর্থ অবৈধভাবে গ্রহণ করে। এই ইউনিয়নে ২৫৫ জন হতদরিদ্র সুবিধাভোগী হতদরিদ্র নারীদের মাঝে চাল দিয়ে ৭৬৫০০ টাকা অবৈধভাবে গ্রহণ করেন।
বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে সুবিধাভোগীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। যা পরের দিন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এরপর প্রশাসনের হস্তক্ষেপে গত শনিবার ১ জুন সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে নেয়া ৩০০ টাকা ফেরত দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, বিধি বহির্ভূতভাবে কোন কাজ এ উপজেলায় হবে না। এ ধরণের কোন অভিযোগ পরবর্তীতে পাওয়া গেলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।






















