
দিনাজপুর: প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল সেবন ও সঙ্গে রাখার দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের সুফিহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার জয়পুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. নাজমুল হক নয়ন (২০) এবং ভিয়াইল উত্তরপাড়া গ্রামের মো. মোহসিন আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ভিয়াইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার একটি টিনের ঘরে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া সেবনরত অবস্থায় নয়ন ও ফারুককে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, একটি কাগজের তৈরি পাইপ ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিষয়টির খবর পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় অভিযুক্ত দুই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















