আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে ছয়টি অসচ্ছল পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে।
ঝালকাঠি পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় রোববার (১২ জুলাই) সকালে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটোরিকশার চাবি হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, প্রায় ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এ উদ্যোগের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষকে কর্মসংস্থানের আওতায় এনে আত্মনির্ভরশীল করা। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি আয়বর্ধক এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই সহায়তার মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয়ের সুযোগ পাবেন, যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক মো. মিজান সালাহউদ্দিন, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অটোরিকশা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের পরিবারের আয়ের নতুন পথ তৈরি করবে এবং ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে জীবনযাপনের সুযোগ সৃষ্টি করবে।
জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের কর্মকর্তারা জানান, পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি 



















