
মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাশার রানা, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ছাত্রদল নেতা ও তথ্যপ্রযুক্তি প্রকৌশলী আশকার মোর্শেদ খান সুপ্রিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল, দাবাসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি) 



















