
সাঈদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে গণজমায়েত ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ গণজমায়েতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণজমায়েত শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে মির্জাপুরের বিভিন্ন সড়ক ও অলি-গলি প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সাঈদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল) 



















