আইয়ুব আলী, হোমনা :
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা (এমআইএস) শাখা প্রকাশিত তালিকায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার দীর্ঘদিনের প্রচেষ্টা ও ধারাবাহিক তদবিরের একটি গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে দেখছেন স্থানীয়রা। এর আগে জাতীয় সংসদে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের বিষয়টি উত্থাপন করেন তিনি। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেন। সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার অনুমোদন দিয়েছে।
বর্তমানে ৫০ শয্যার এ হাসপাতালটিতে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। শয্যা সংকট, জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ১০০ শয্যায় উন্নীত হওয়ার ফলে হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ হওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ বিষয়ে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সচেতন নাগরিক সমাজ মনে করেন, হোমনা-তিতাসের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন। সংসদে বিষয়টি তুলে ধরা থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদবির-সব মিলিয়ে তাঁর ধারাবাহিক প্রচেষ্টার ইতিবাচক ফল হিসেবে এ অনুমোদন এসেছে।হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হওয়ায় হোমনা উপজেলার কয়েক লাখ মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। একই সঙ্গে কুমিল্লা ও ঢাকামুখী রোগীর চাপও অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এ সিদ্ধান্তে হোমনা উপজেলাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়াকে অভিনন্দন জানিয়েছেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

















