আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ১১৫ বার পঠিত

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি: আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১০ মে) রাত ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান ফটক এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা “হ-তে হাসিনা, তুই স্বৈরাচার”, “ক-তে কাউয়া, কা কা” ইত্যাদি স্লোগান দেন এবং পরে একে অপরকে মিষ্টি বিতরণ করেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “আমরা প্রতিদিন কোনো না কোনো আন্দোলনে অংশ নিতে বাধ্য হচ্ছি। অথচ আমাদের প্রধান কাজ হলো পড়াশোনা করা এবং নিজেদের যোগ্য করে তোলা। আজ আসিফ নজরুল স্যার ঘোষণা দিয়েছেন, সকল খুনির বিচার নিশ্চিত করা হবে। আমরা তাঁর এই ঘোষণাকে স্বাগত জানাই। পাশাপাশি আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাই—শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক পরিবেশ নিশ্চিত করুন, যাতে আমাদের বারবার রাস্তায় নামতে না হয়। এখন আমাদের সবচেয়ে বড় কাজ নিজেদের দক্ষতা অর্জন করা।” তিনি আরও বলেন, “আমরা সাংবাদিকদের মাধ্যমে ইন্টারিম সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি—ছাত্রদের পড়াশোনায় মনোযোগী হওয়ার সুযোগ দিন, যেন বারবার আন্দোলনে যেতে না হয়।”
এ সময় ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক হান্নান রাহিম বলেন, “জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়, তা নিছক সন্ত্রাস। আজ এই সংগঠনকে নিষিদ্ধ করে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।”
তিনি আরও বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা এখনো স্বৈরাচারের দোসর হয়ে রয়েছেন—শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বা শিক্ষার্থী—তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সুশীলতার মুখোশ পরে তারা যেন সত্যকে আড়াল করতে না পারে, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।”
প্রসঙ্গত, আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধের দাবিতে গত দুই দিন ধরে রাজধানী ঢাকায় আন্দোলন চালিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলামসহ একাধিক সংগঠন। আন্দোলনের সূচনা করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যিনি যমুনা এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। এই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত গণজমায়েতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে উল্লাস ও প্রতিক্রিয়ার ঢেউ বয়ে যায়, যার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের অবস্থান জানান দেয়।






















