তিস্তা মহাপরিকল্পনার দাবিতে গঙ্গাচড়ায় গণসমাবেশ, মশাল প্রজ্বলন

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ২৭ বার পঠিত

রানু মিয়া, গঙ্গাচড়া (রংপুর): তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা নিশ্চিত এবং বালু উত্তোলনের নামে কৃষিজমি দখল বন্ধের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হয়েছে গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচি|
মঙ্গলবার বিকেলে উপজেলার মহিপুর ব্রিজের উত্তর পাশে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তিস্তাপাড়ের কৃষক, জেলে, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন| সমাবেশে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. ওয়েদুজ্জামান মাবু| প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি|
সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন-জীবিকা ও কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত| কিন্তু পানির সংকট, নদীভাঙন এবং অব্যবস্থাপনার কারণে তিস্তাপাড়ের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন| এ সংকট নিরসনে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা| এছাড়া মহিপুর ব্রিজসংলগ্ন এলাকায় বালু উত্তোলনের নামে শত শত বিঘা কৃষিজমি দখলের অভিযোগ তুলে তা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা|
পরে তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়| এ সময় আন্দোলনের দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন|

















