চাটখিলে বসতবাড়িতে মুরগী ফার্ম
দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ!

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ৬৫ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার রমাপুর কাজী বাড়ির জাহিদ হাছান (হোসেন) বসতবাড়ির পাশে লেয়ার মুরগির ফার্ম দিয়েছে। তার মুরগির ফার্মের সকল ময়লা আবর্জনার দুর্গন্ধে আশপাশের বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। পঁচা দুর্গন্ধে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই ব্যাপারে মুরগির ফার্মটি সরিয়ে নেওয়ার জন্য বাড়ির লোকজনের পক্ষে মনির হোসেন গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, অভিযোগকারীদের বসতবাড়ির পূর্ব পার্শ্বে মেইন রাস্তা সংলগ্ন পাঞ্জেগানা মসজিদ ও মাদ্রাসা, পাশেই দীর্ঘদিন থেকে জাহিদ হাছান একটি লেয়ার মুরগির ফার্ম দিয়েছে। লেয়ার মুরগির ফার্মের বিভিন্ন ধরনের খাদ্য, মুরগির মল-মুত্রসহ অন্যান্য আবর্জনা পঁচা দুর্গন্ধে আশপাশের সকলে দৈনন্দিন জীবন যাপনে মারাত্মক ব্যাঘাত ঘটছে। ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের এলার্জি জ্বর জনিত রোগে আক্রান্ত হচ্ছে। খামারের দুর্গন্ধে প্রতিনিয়ত দরজা জানালা বন্ধ করে রাখতে হচ্ছে। পঁচা দুর্গন্ধের ফলে রাতে মানুষ ঘুমাতে পারছে না। এলাকাবাসীর পক্ষ থেকে ফার্মের মালিক জাহিদ হাছান (হোসেন) এর নিকট ফার্মটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। সে কারো কথায় তোয়াক্কা করছে না। এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আশপাশের বাড়ির লোকজন প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন ।
এই ব্যাপারে খামারের মালিক জাহিদ হাছান এর মুঠোফোনে ফোন করলে তিনি ফোন কেটে দেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তদন্ত করার জন্য সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম কে দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















