
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফুলবাড়ী উপজেলাকে একটি পরিবেশবান্ধব ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপকভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (২১ জুন) থেকে স্থানীয় পর্যায়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর উদ্যোগে এবং স্থানীয় তরুণ ও সাধারণ মানুষের সহযোগিতায় এ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসএস দারুল খঈর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রস্তুতি সভায় ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা) বলেন, “একটি আদর্শ ও আধুনিক উপজেলা গঠনের অন্যতম শর্ত হলো পরিবেশগত টেকসই উন্নয়ন। আমাদের প্রিয় ফুলবাড়ীকে সবুজ, সুন্দর ও দূষণমুক্ত রাখতে এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এ স্বপ্ন বাস্তবায়নে উপজেলার সর্বস্তরের মানুষের মতামত, অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের পতিত জমি, বাড়ির আঙিনা ও ফাঁকা স্থানে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও পরিচালিত হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, বরং সেগুলোর দীর্ঘমেয়াদি পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এজন্য তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফুলবাড়ীকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সুজা।

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) 



















