
নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): নবনির্বাচিত কেন্দ্রীয় যুবদল নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ উপজেলায় এসে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ সংবর্ধনা পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড মো: মর্তুজা আল কামাল (মুস্তাক)।
এ উপলক্ষে (২০ জুন) শনিবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদীতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও মিছিলের মাধ্যমে তাকে বরণ করে নেন। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -এর নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়া যেমন গর্বের, তেমনি এটি এলাকার মানুষের প্রতি দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। আমার পরিবারও মানুষদের সেবা করেছেন। সে ধারাবাহিকতায় ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমার জীবন ও রাজনীতি পরিচালনা করবো।
তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা নবনির্বাচিত এই কেন্দ্রীয় নেতাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এ অর্জনে কটিয়াদীসহ পুরো জেলার মানুষ গর্বিত। তারা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) 


















