
পিরোজপুর অফিস: নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা জাহান মেমী, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা হকসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দেশের উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করার আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পিরোজপুরে মহিলা দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পিরোজপুর অফিস 



















