চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিবন্দরে পারিবারিক বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাতিজাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম রধোসা দাস (৪২)। তার বাড়ি উপজেলার সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামের দাসপাড়ায়। তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুদি দোকান থেকে বাড়ি ফিরেন রধোসা। এ সময় তিনি জানতে পারেন, পুকুরের একটি মৃত মাছ কুড়ানোকে কেন্দ্র করে তার ভাতিজা অনিমেষ দাস (২২) তার স্ত্রীকে মারধর করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তার সঙ্গে অনিমেষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অনিমেষ, তার বাবা ভূষেন চন্দ্র (৫০) ও মা সাবিত্রী (৪০) গাছের ডাল দিয়ে রধোসাকে এলোপাতাড়ি পিটাতে থাকেন। এতে তিনি আহত হন। অনিমেষ ও তার বাবা মোটরসাইকেলে করে প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। পরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর অভিযুক্ত বাবা-ছেলে হাসপাতালেই মরদেহ রেখে পালিয়ে যান।
চিরিরবন্দর থানার ওসির ভাষ্য, অভিযুক্ত সাবিত্রীকে আটক করা হয়েছে। পলাতকদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

















