
পিরোজপুর অফিস: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পিরোজপুরে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তেজদাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাত আরা। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতারও কবি।
তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

পিরোজপুর অফিস 



















