বঙ্গরত্ন কলেজের সভাপতির দায়িত্বে সেলিমুজ্জামান সেলিম

- সর্বশেষ পরিমার্জন: ০৮:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ১১৭ বার পঠিত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব সেলিমুজ্জামান সেলিম। শিক্ষা, মানবিকতা ও সামাজিক নেতৃত্বের ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের নিরলস ভূমিকা এবং অভিজ্ঞতা নতুন এ দায়িত্বে আরও গতিশীলতা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত সভাপতি সেলিমুজ্জামান সেলিম কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, “বঙ্গরত্ন কলেজকে একটি আধুনিক, আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার অগ্রাধিকার। শিক্ষকদের সম্মান, শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষা ও অভিভাবকদের আস্থা নিশ্চিত করতেই আমি কাজ করব। ইনশাআল্লাহ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব।”
এদিকে অভিভাবক মহলেও এ নিয়োগ ঘিরে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এক অভিভাবক বলেন, “সেলিম সাহেব একজন সৎ, আদর্শবান মানুষ। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে কলেজের পরিবেশ বদলাবে এবং শিক্ষার্থীরা আরও নিরাপদ ও মানসম্পন্ন শিক্ষায় এগিয়ে যাবে।”
উল্লেখ্য, কলেজ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেছেন।
সবার প্রত্যাশা—সেলিমুজ্জামান সেলিমের অভিজ্ঞতা ও দূরদর্শিতায় বঙ্গরত্ন কলেজ এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে, যা শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তনের পথ দেখাবে।





















