বগুড়ায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ, থানায় মামলা দায়ের

- সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৭ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নশরতপুর এলাকা থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (বয়স ১৪ বছর) অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর পিতা মোঃ মজিবর রহমান (৫৭)। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মোঃ আরিফুল ইসলাম (২৮) দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দিয়ে আসছিল। ছাত্রীর প্রস্তাবে সাড়া না দেওয়ায় আসামি তাকে অপহরণের হুমকি দেয়।
গত ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নশরতপুর শহীদ মিনার সংলগ্ন সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একটি সিএনজি নিয়ে আসামিরা এসে মেয়েটিকে জোরপূর্বক গাড়িতে তুলে বগুড়ার দিকে অপহরণ করে নিয়ে যায়।
অভিযুক্তদের মধ্যে রয়েছে মোঃ আরিফুল ইসলাম ছাড়াও মোছাঃ আলেমা বেগম (৪৫), মোছাঃ মর্জিনা বেগম (৬৫), ও মোঃ মোজাফফর হোসেন (৫০)। সকলের ঠিকানা আদমদীঘি থানার কোঁচকুড়ি গ্রামে।
পরে ভুক্তভোগীর পরিবার মেয়েটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করে। মামলা নম্বর-২২, তারিখ: ২৩/০৯/২০২৫ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় রুজু করা হয়েছে।





















