
মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটি উপজেলায় ইভা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেকড়কাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইভা ওই গ্রামের অটোচালক মো. শহিদ সিকদারের মেয়ে এবং জুরকাঠি জেড.এ. ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ইভার মা আছমা বেগম পাশের ঘরে পান খেতে যান। এ সুযোগে ইভা ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর ইভার অটোচালক বাবা শহিদ সিকদার বরিশাল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি পাশের ঘরে গিয়ে স্ত্রীকে দেখতে পান। পরে দু’জনে ঘরে ফিরে ইভাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ইভার চাচা মো. আব্দুর রশিদ সিকদার জানান, ঘটনার আগে পরিবারের সঙ্গে তার কোনো ধরনের ঝগড়া বা মনোমালিন্য হয়নি।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি) 



















