
সোহাগ ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া এবং জন্মের কয়েক ঘণ্টা পর মারা যাওয়া নবজাতকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। পাশাপাশি চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও দেওয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, খোঁজ নিয়ে জানা যায় পরিবারটি অত্যন্ত অসচ্ছল। নবজাতকের চিকিৎসা ব্যয় মেটাতে শিশুটির পরিবারকে ঋণ নিতে হয়েছে। মানবিক বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয়েছে।
জানা গেছে, শিশুটির বাবা ইসমাইল পহলান উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর। গত ৯ জুন মঠবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতকের দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলে চিকিৎসকরা জানান। জন্মের কয়েক ঘণ্টা পর শিশুটি মারা যায়।

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর) 



















