
নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলিগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ আওয়ামীলিগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কটিয়াদী উপজেলা ছাত্রদল।
সোমবার (২২জুন) বিকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা রোড তশু বাবু মেইল সংলগ্ন থেকে বিক্ষোভ মিছিলটি বের করে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাছিব, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক দিদারুল ইসলাম, সদস্য সচিব মো: নাসিম মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তারা আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সদস্য এখনও বিভিন্ন স্থানে মিছিল মিটিং চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

ডেস্ক রিপোর্ট 



















