
মজনু মিয়া, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত ‘জাফলং চাইনিজ অ্যান্ড ফাস্টফুড’ রেস্টুরেন্টে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা। বিক্ষুব্ধ এলাকাবাসী রেস্টুরেন্টটিতে ভাঙচুর চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ ওঠার পরপরই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রেস্টুরেন্ট চত্বরে জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পর্যায়ে রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয় এবং পরবর্তীতে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় এবং বর্তমানে এলাকায় উত্তেজনা প্রশমিত করার কাজ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মজনু মিয়া, গাইবান্ধা 



















