
রাজু আহমেদ, রাজবাড়ী: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর ফাইনাল রাউন্ডে রাজবাড়ী জেলা দলের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়ায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির উদীয়মান ফুটবলার মোহাম্মদ জিহাদকে সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ১২ নং চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সৌদি প্রবাসী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান, সহকারী শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ শওকত জামান, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ রাজু হাসান, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ, জিহাদের পিতা প্রবাসী মোঃ আমিরুল ইসলাম মোল্লা সহ, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় অতিথিরা জিহাদকে ফুলেল শুভেচ্ছা ও ফুলের মালা পরিয়ে জিহাদকে বরণ করে নেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ জিহাদ বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন গোয়ালন্দ উপজেলা ও রাজবাড়ী জেলার সুনাম উজ্জ্বল করতে পারি এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ অর্জন করতে পারি।
বক্তারা বলেন, জিহাদের এই সাফল্য গোয়ালন্দ ও রাজবাড়ীর তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মতো প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও সাফল্য বয়ে আনবে।

রাজু আহমেদ, রাজবাড়ী 



















