
ফজলুল কবির গামা, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও সুরক্ষায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা টাস্কফোর্স। এই সফল অভিযানে আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যমানের নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। একই সাথে আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।
জানা গেছে, বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এই ঝটিকা অভিযানটি চালানো হয়। ঝিনাইদহ জেলা টাস্কফোর্সের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাতসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে বাজারের দুটি প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে অত্যন্ত ক্ষতিকর ৩৩ কেজি কারেন্ট জাল এবং ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
নিষিদ্ধ ও ক্ষতিকর এই জালগুলো মজুত ও বিক্রির অপরাধে বাজারের দুই ব্যবসায়ী ইয়ানুর রহমান ও আল আমিনকে আটক করা হয়। পরবর্তীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দুজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর অবৈধ জালগুলো কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সর্বসাধারনের সম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ এই জাল উচ্ছেদের অভিযানে পুলিশ, র্যাব, মৎস্য বিভাগ এবং জেলা টাস্কফোর্সের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, আমাদের প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং নিষিদ্ধ জালের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কঠোর ও প্রশংসনীয় অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

ফজলুল কবির গামা, ঝিনাইদহ 



















