
পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সদস্য ও কদমতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম শেখের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কদমতলায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে আব্দুস সালাম শেখের মুক্তি ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুস সালাম শেখ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন তারা। তার বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে বক্তারা উল্লেখ করেন। বর্তমানে তার বিরুদ্ধে করা মামলার অভিযোগ নিয়ে তারা সংশয় প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বক্তারা আরও বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আব্দুস সালাম শেখসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সায়েম শেখ, সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. রিয়াজ হোসেন উজ্জ্বল, শিক্ষক বাসুদেব সেন, ফারুক শেখ, বাবুল শেখ, জাহিদ শেখ, ইদ্রিস মোল্লা, মহসিন মোল্লা, সুমি আক্তারসহ অন্যরা। বক্তারা আব্দুস সালাম শেখ ও অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী তাদের মুক্তির দাবি জানান। তবে মামলার অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পিরোজপুর অফিস 



















