“শ্রমিক দিবস নয় গণহত্যার উৎসব”

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ২৫৬ বার পঠিত

“শ্রমিক দিবস নয়, গণহত্যার উৎসব”
(মিনহাজ মোল্লা)
তারা বলে,
আজ শ্রমিক দিবস।
আমরা বলি—
আজ রক্তের দিন, পায়ের নিচে পিষ্ট মানবতার কান্না।
আজ সেই দিন, যেদিন পৃথিবীর কারখানাগুলোতে নিঃশব্দে
শত সহস্র প্রাণ
‘সেফটি হেলমেট’ ছাড়া,
‘ন্যায্য মজুরি’ ছাড়া,
‘ইতিহাস’ ছাড়া
জীবন্ত কবর হয়ে গিয়েছিলো।
তারা বলে,
“দিবসটি আমাদের শ্রদ্ধার…”
আমরা দেখি,
শোকের দিনকে রাজনীতির ব্যানারে মুড়িয়ে
তারা বানায় উৎসব।
অফিস ছুটি, ফুলের তোড়া,
মাইকে গান বাজে: “শ্রমই শান্তি”
আর সেই শান্তির পেছনে
একটা লাশ,
দুইটা লাশ,
হাজার লাশ—
নীরব গনগনে চিতার মতো পুড়ছে।
তারা মুখোশ পরে আসে,
বলে—“শ্রমিকদের পাশে আছি”
আমরা দেখি,
তাদের হাতেই সই হয় বেতন কাটা ফাইল,
তাদের কলমেই লেখা হয়
“অতিরিক্ত সময় কাজ করলেও কোনো পারিশ্রমিক নেই”।
তারা বলে,
“আমরা শ্রমিকদের ভালোবাসি”
আমরা দেখি,
তাদের ভালোবাসা মানে
প্রথমে ভোট,
তারপর ব্যালট,
তারপর গুলি।
আজ ১লা মে নয়,
আজ শ্রমের নামে গড়ে ওঠা
আধুনিক কবরের দিন।
আজ ধ্বংসস্তূপের স্তব্ধতা আর
রাজনীতির নির্লজ্জ হাসির মধ্যে
আমরা খুঁজি সত্যের কবরে চাপা পড়ে থাকা
শেষ আর্তনাদ।
তারা আজও বেঁচে নেই,
যারা চিৎকার করেছিল,
“৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম, ৮ ঘণ্টা জীবন!”
তাদের আজ ২৪ ঘণ্টাই মৃত্যু।
এটাই আমাদের ঘোষণা:
আমরা আর দিবস মানি না,
আমরা মানি গণহত্যা।
আমরা আর ফুল ছুঁড়ে শ্রদ্ধা জানাই না,
আমরা হাতে তুলি সেই ফুল-ছেঁড়া কারখানার ধুলো,
যেখান থেকে পৃথিবীর রক্তঝরা ইতিহাস শুরু হয়েছিলো।




















