
আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলার অসহায়, দুস্থ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে । রবিবার (২১ জুন) বিকেলে হোমনা শিল্পকলা মিলনায়তনে হোমনা পৌরসভা, নিলখী ইউনিয়ন ও মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ।
উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ মো. আঃ লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর সরকার, সাইদুল ইসলাম শাহীন,শাহ আলম হিমেল ও সাইফুল ইসলাম (ভিপি রাজা), পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এম.এ. জামাল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, পৌরসভা, নিলখী ও মাথাভাঙ্গা ইউনিয়নের প্রতিটিতে ৯০ জন করে মোট ২৭০ জন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল এবং প্রতিটি এলাকা থেকে ৬ জন করে মোট ১৮ জনকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
পরে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন।

আইয়ুব আলী, হোমনা 



















