
মোঃ রায়হান মাহামুদ: চট্টগ্রামের বোয়ালখালীতে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) বোয়ালখালী শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌনরোগ, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৫ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন— ডা. সানোয়ার হোসেন, ডা. রাসেল রানা, ডা. মো. রায়হানুল হক, ডা. মিনুরা মতিন, ডা. মো. মেরাজ হোসেন এবং ডা. মাহমুদুল।
এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর ফেনী ও চট্টগ্রাম জোনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম রানা, প্রোগ্রাম ম্যানেজার এনামুল হক, বোয়ালখালী শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ মোস্তফা এবং হিসাবরক্ষক মো. নাঈমসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে উপ-পরিচালক জাহাঙ্গীর আলম রানা বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী দেশের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বোয়ালখালী শাখায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ, পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পিএমকে স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই পিএমকের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে উপকারভোগীরা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবির-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
স্থানীয়দের মতে, দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পিএমকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

মোঃ রায়হান মাহামুদ 




















