
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা বিএনপির সকল ইউনিটের কাউন্সিল নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জননেতা আমানউল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
মতবিনিময় সভায় বক্তারা জেলা ও ইউনিট পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের কাউন্সিল দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথি আমানউল্লাহ আমান বলেন, “বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে হবে। নির্ধারিত সময়ে কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” বিশেষ অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “খুলনা বিভাগে সাংগঠনিক কার্যক্রমকে সক্রিয় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম।

ডেস্ক রিপোর্ট 



















