মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ৮ জুলাই বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে মাঝিনা মৌজার আহমাদিয়া ফাযিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর হোসেন আনসারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মো. মিল্লাহ হোসেন, মো. আহমদুল্লাহ ও মো. হাফেজ আহমেদ,কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল বাকির আবির, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মালেক এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ ও রোমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করার আহ্বান জানান।
পরে অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান,পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 
























