ডিমলায় তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা-২০২৬ শুরু

- সর্বশেষ পরিমার্জন: ১১:২৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৪ বার পঠিত

জনসাধারণের দোরগোড়ায় আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে নীলফামারীর ডিমলা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, অধ্যাপক রাসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, আরিফুল ইসলাম লিটন, গোলাম রাব্বানী প্রধান ও রকুনুজ্জামান বকুলসহ বিভিন্ন ইউনিয়নের উপ-ভূমি কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।





















