
অনেক দিনের গুঞ্জন, ‘তাণ্ডব’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখাবেন সাবিলা নূর। গুঞ্জনের শুরু থেকেই দর্শকের কৌতূহল, শাকিব খানের সঙ্গে কেমন মানাবে তাঁকে? এর আগে ছবির পোস্টার, টিজার প্রকাশিত হলেও তাতে দেখা মেলেনি সাবিলার। সে অপেক্ষা ফুরাল সোমবার রাতে প্রকাশিত ‘লিচুর বাগানে’ গানে। প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হলেন শাকিব-সাবিলা।
গানের তালে যেমন তুলেছেন নাচের ঝংকার, তেমনি মজেছেন প্রেমময় রসায়নে। এ গানে তাঁদের দেখে অধিকাংশ দর্শকই বলছেন, দুজনকে মানিয়েছে বেশ।
নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, অনেকে আইটেম সং ভাবলেও ‘লিচুর বাগানে’ মূলত ফোক-রোমান্টিক গান। এর কোরাসের অংশটুকু একটি প্রচলিত ঘাটু গানের অংশ।
গানটিকে জনপ্রিয় করেন ছত্তার পাগলা। এর সঙ্গে নতুন কথার সংযোজন করেছেন প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। সংগীতায়োজনে প্রীতম।

নাগরিক ভাবনা, বিনোদন রিপোর্ট 

























