আগামী জাতীয় সংসদ নির্বাচন (জামালপুর-২)
ইসলামপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোহাম্মদ সেলিম মিয়া

- সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ২২২ বার পঠিত

জামালপুর-২ (ইসলামপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে উঠে আসছেন এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া। তিনি শুধু একজন আইনজীবীই নন, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন সংগ্রামী রাজনীতিকও।
১৯৮৬ সালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোজাআটা গ্রামে জন্মগ্রহণ করেন সেলিম মিয়া। তাঁর বাবা মরহুম মোহাম্মদ সিরাজুল ইসলাম (চান মাস্টার) হাড়িয়া বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। রাজনৈতিক ও শিক্ষানুরাগী পরিবার থেকে উঠে আসা এই তরুণের চাচা ছিলেন মরহুম এডভোকেট মোঃ আশরাফুল ইসলামইসলামপুর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক।
সেলিম মিয়া ২০০১ সালে হাড়িয়া বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম জিপিএ পদ্ধতিতে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন এবং ঢাকা কলেজে ভর্তি হন। ২০০৩ সালে এইচএসসি পরীক্ষায় তিনি মানবিক বিভাগে কলেজে ষষ্ঠ স্থান অধিকার করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২২০তম স্থান অর্জন করে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল হাজী মুহাম্মদ মুহসিন হল কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১০ সালে বেগম খালেদা জিয়াকে টেনের পার্কের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে আহুত হরতালে অংশ নিয়ে গ্রেফতার হন এবং ১৭ দিন কারাভোগ করেন।
ছাত্র রাজনীতি শেষে ২০১২ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০২৫ সালে আপিল বিভাগে প্র্যাকটিসের অনুমতি পান।
রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবা ও মানবিক কাজেও সক্রিয়। জামালপুর জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক মামলা তিনি নিঃস্বার্থভাবে পরিচালনা করেছেন, যা নেতাকর্মীরা আজও স্মরণ করেন। বর্তমানে তিনি ইসলামপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট আহ্বায়ক কমিটির সদস্য এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য।
পেশাগত জীবনে এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া ও তাঁর আইন প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশ ইলেকশন কমিশন, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বেসরকারি ব্যাংক, বহুজাতিক কোম্পানি ও এনজিওসহ প্রায় ২৫টি প্রতিষ্ঠানের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছে।
রাজনীতিতে তাঁর বিশ্বাস ভালো ও মেধাবী মানুষ রাজনীতি থেকে দূরে থাকলে খারাপরাই দেশ চালাবে।
তাই তিনি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।




















