“আমার লক্ষ্য একমাত্র হওয়া দরকার জ্ঞান”: অধ্যাপক আলী রায়হান

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৪৮ বার পঠিত

চিলমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে তিন দিনব্যাপী ৮ম পণ্ডিত বইমেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টায় থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আলী রিয়াজ। পণ্ডিত বইমেলা উদযাপন পর্ষদের আয়োজনে তিন দিনব্যাপী এ বইমেলা চলবে ১৯ জানুয়ারী সোমবার পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক অধ্যাপক আলী রিয়াজ বলেন, “একবিংশ শতাব্দীকে বলা হয় টেকনোলজির শতাব্দী আসলে কথাটি ঠিক নয়। আমি মনে করি একবিংশ শতাব্দী জ্ঞানের। আমাদের লক্ষ্য একমাত্র হওয়া দরকার জ্ঞান। জ্ঞান না হলে টেকনোলজি উন্নত হবেনা। টেকনোলজিতে উন্নতি করতেও জ্ঞান লাভ করুন।”
পাঠকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা এ জাতির ভবিষ্যৎ। অযথা সময় নষ্ট না করে বই পড়, যারা বইমেলা আয়োজন করে তোমাদের সিনিয়রদের কাছ থেকে শিখে এবং তাদের সহযোগিতার মাধ্যমে বইমেলা সফলের মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে বইমেলা ও নিজেকে তুলে ধরতে হবে।
পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা, এরশাদুল করিম রাজু, প্রধান শিক্ষক তৈয়ব আলী প্রমুখ।




















