
সোহাগ ইসলাম,মঠবাড়িয়া (পিরোজপুর): আদালতের নির্দেশনা দ্রুত ও সফলভাবে বাস্তবায়ন করে ভুক্তভোগী মোস্তফা আকনকে তার জমির দখল ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে বকসির ঘটিচোরা মৌজার এসএ ১৮২২ নম্বর দাগের আড়াই শতাংশ জমি প্রকৃত মালিকের অনুকূলে পুনরুদ্ধার করা হয়।
আদালতের আদেশ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ও মঠবাড়িয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে জমির দখল মোস্তফা আকনের কাছে বুঝিয়ে দেন। দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক ভোগদখল করে আসছিলেন রিয়াজুল ইসলাম।
জানা যায়, ভুক্তভোগী মোস্তফা আকন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৮ ধারায় আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত জমিটি মোস্তফা আকনের অনুকূলে পুনরুদ্ধারের নির্দেশ প্রদান করেন। আদালতের সেই নির্দেশনা বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের কার্যকর ভূমিকা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, কোনো ব্যক্তি অন্যায়ভাবে জমি থেকে দখলচ্যুত হলে তিনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৮ ধারায় প্রতিকার চাইতে পারেন। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসন প্রকৃত মালিককে তার অধিকার ফিরিয়ে দিতে সর্বদা সচেষ্ট।

সোহাগ ইসলাম,মঠবাড়িয়া (পিরোজপুর) 




















