
জাহিদ হাসান, ময়মনসিংহ: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আরিফ হাসান। স্থানীয় সাংবাদিকদের কাছে নিজের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও দলীয় কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে আরিফ হাসান (২৮)। তিনি জানান, ২০১৩-১৪ সাল থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আঠারবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল ও বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দলের দুর্দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কেন্দ্রীয় কমিটির প্রতিটি নির্দেশনা মেনে মাঠে ছিলেন। অংশগ্রহণ করা শত শত কর্মসূচির ছবি ও ভিডিও, এখনও মোবাইল ফোন এবং ফেসবুক আইডিতে সংরক্ষিত আছে বলে জানান।
দলীয় আন্দোলন-সংগ্রামে নিজের ত্যাগের কথা তুলে ধরে তিনি জানান, দুর্ঘটনা কবলিত হয়ে তার হাত ভেঙে যায়। আহত অবস্থায় বাসায় শুয়ে থাকলেও আন্দোলনে নামতে হবে শুনে ভাঙা হাত নিয়েই রাজপথে নেমেছেন, মিছিল করেছেন, সভা-সমাবেশে অংশ নিয়েছেন।
রাজনৈতিক সহিংসতায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে তাকে দেখতে গিয়েছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সালমান ডুলন ও সাবেক সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ । তারা তাকে রাজনীতিতে আরও সক্রিয় থাকার জন্য উৎসাহিত করেছিলেন।
আরিফ হাসান বলেন, “বিএনপির দুর্দিনে বিভাগীয় সমাবেশ, ঢাকার মহাসমাবেশ, গোলাপবাগ মাঠের সমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানের তারুণ্যের সমাবেশসহ গুরুত্বপূর্ণ প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। ২০২৬ সালে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী লুৎফুলাহেল মাজেদ বাবুর পক্ষে কাজ করেছি এবং নির্বাচনের দিন আঠারবাড়ি ৬নং ওয়ার্ডের ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ বিএনপির সুদিন, আর এখন আমি অবহেলিত ও বঞ্চিত। আমার অপরাধ কী? কোন কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে?। ছাত্রদল করার কারণে আওয়ামী লীগ সরকারের সময় আমার সরকারি চাকরিও হয়নি। তারেক রহমান বলেছিলেন, বিএনপির দুর্দিনে মিছিলে থাকা শেষ সারির কর্মীও তার রাজনৈতিক পরিচয়ের সম্মান পাবে। অথচ আমি দুর্দিনে প্রথম সারিতে থেকেও আজ জেলা কমিটি থেকে বাদ পড়েছি।”
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের হাইকমান্ডের প্রতি বিনীত আবেদন জানিয়ে আরিফ হাসান বলেন, “আমার রাজনৈতিক কর্মকাণ্ড যাচাই-বাছাই করে আমাকে আমার যোগ্য স্থানে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে যেন আমার মতো সক্রিয় ও ত্যাগী কোনো কর্মী তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।”

জাহিদ হাসান, ময়মনসিংহ 




















