
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল) এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
স্টেট গেস্ট হাউস যমুনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার মাইলফলক হবে।”
এসময় উপস্থিত ছিলেন এএনএফআরইএল-এর নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র প্রোগ্রামের পরামর্শদাতা মে বাটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থরিন্দু আবেরথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।
দুই দশকের বেশি সময় ধরে এএনএফআরইএল এশিয়ার বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছে। সংস্থাটি জানায়, বাংলাদেশে একটি স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো গঠনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে প্রতিনিধি দল স্টেকহোল্ডার ম্যাপিং কার্যক্রম, নাগরিক সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নির্বাচনী স্বচ্ছতা উন্নয়নে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করে।
আলোচনার শেষে এএনএফআরইএল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করে এবং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

মিনহাজ মোল্লা 
























