
সম্পর্ক মানে বিশ্বাস, আর বিশ্বাস ভেঙে গেলে তা কখনো ভালো কিছু ডেকে আনে না। হরিয়ানার ফরিদাবাদ জেলায় এমনই এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে, যেখানে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণের ওপর চালানো হয়েছে নির্মম হামলা।
গুলশান নামের এক যুবককে বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে তার হাত-পা ভেঙে দিয়েছে এক তরুণী ও তার পরিবারের সদস্যরা। ভারতের জিনিউজ জানায়, গত ২৯ মার্চ গুলশানকে তার পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নেয়া হয় ওই তরুণীর বাড়িতে। সেখানে তাকে বিয়ের জন্য চাপ দেয় তরুণী। গুলশান রাজি না হলে শুরু হয় মারধর। হামলার ফলে তার শরীরের ১৩টি হাড় ভেঙে যায়। এখন পর্যন্ত সে ১৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন।
গুলশানের ভাষায়— “আমি শুধু আমার টাকা ফেরত আনতে গিয়েছিলাম। কিন্তু আমাকে এমনভাবে মারা হয়েছে যে, শেষ পর্যন্ত জীবন বাঁচাতে পালিয়ে আসতে হয়েছে।”
গুলশান জানান, ২০১৯ সালে তার সঙ্গে ওই তরুণীর সম্পর্ক শুরু হয়। দুজনেই বিবাহিত, তবে গুলশান তার স্ত্রী থেকে আলাদা থাকেন এবং তরুণীও বিচ্ছেদের প্রক্রিয়ায় ছিলেন।
এই ঘটনার প্রেক্ষিতে ফরিদাবাদ পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 


























