
নওগা প্রতিনিধি: নওগাঁ জেলা শহরের (নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত) দক্ষিণে হাট নওগাঁর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০:০০ টার সময় এই অনুষ্ঠানটি শুরু হয় এবং দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত একটানা আড়াই ঘন্টা এই অনুষ্ঠান চলে।
অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে সহকারী শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।
আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ আসলাম আলী সরদার, প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু নারায়ণ চন্দ্র সাহা, শামসুল ইসলাম টফি এবং আলহাজ্ব প্রফেসর মুহম্মদ ওয়ালিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, ৫৭ বছরের ঐতিহ্যবাহী প্রবাহ সংসদের নবনির্বাচিত সভাপতি মোঃ সাইদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হাসান সাম্মু সহ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির বিশেষ ভূমিকায় ছিলেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এছাড়াও ২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম শ্রেণি হইতে দশম শ্রেণি পর্যন্ত অত্র বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণীর এই দিনে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং অভিভাবিকাগণ তাদের জন্য নির্ধারিত খেলায় অংশগ্রহণ করে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেসব বিষয়ে অনুষ্ঠিত হয়েছিল সেগুলো হলো, ছোট শিশুদের এটা ওড়ে ওটা ওড়ে না, প্রাথমিক শাখার সকল শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতা, স্কিপিং, মোরগ যুদ্ধ, পা দিয়ে বল ঠেলা দিয়ে গোল করা, হাই স্কুলের কিশোরীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙ্গাসহ নানা রকম প্রতিযোগিতা। অনুষ্ঠানটিতে অত্র বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ও নওগাঁর নৃত্য রং একাডেমীর নৃত্যশিল্পী তৌশি দেবনাথের নাচ উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শকদের মন আকৃষ্ট করে। তৌশি দেবনাথসহ মোট দুই জন নৃত্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করে।
বিশেষ পুরস্কার হিসেবে তাদেরকে পাঁচশত টাকা করে উপহার দেওয়া হয়। বার্ষিক পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে নওগাঁ প্রবাহ সংসদের ২০২৫-২০২৬ মেয়াদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হাসান সাম্মু ঘোষণা দেন যে,আগামী ২০২৬ খ্রিস্টাব্দ থেকে অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নৃত্য এবং গানের প্রতিযোগিতার আয়োজন যুক্ত হবে। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

ডেস্ক রিপোর্ট 























